আবারো সরব হচ্ছেন নোলক বাবু

কেমন আছেন বা কখন নিয়মিত থাকেন গানে আর কখন যে থাকেন না, সেই প্রশ্নে নোলক দোদুল্যমান। তবে এ বছর থেকে আবারো সরব হচ্ছেন। নিজেকে গোছাচ্ছেন একটু একটু করেই।
 
গতবছরের শেষে দেশে ফিরেই নোলক বাবু আবারো মঞ্চে ব্যস্ত হয়ে উঠেছেন। সেইসাথে নিজের নতুন একক অ্যালবাম প্রকাশ নিয়েও বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। নোলক বাবুর নতুন একক অ্যালবামের নাম ‘চাঁন্দের আলো’। এতে মোট গান থাকবে ১২টি। সবগুলো গানের সুর করেছেন নোলক বাবু নিজেই।
 
গানের কথা লিখেছেন প্রবাসী শাহ সোহেল আমিন। অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন হায়দার রাসেল ও শিহান।
 
নোলক বাবু বলেন, ‘প্রতিটি গান যথেষ্ট আন্তরিকতা এবং দরদ নিয়ে আমি সুর করেছি। যিনি গানগুলো লিখেছেন বলা যেতে পারে তার জীবনের শ্রেষ্ঠ গীতিকবিতা আমাকে দিয়েছেন। তাই প্রতিটি গান নিয়েই আমি দারুণভাবে আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতাদের প্রতিটি গান মন ছুঁয়ে যাবে।’
 
ইত্তেফাক/এমএআর