নেত্রকোনা পৌর এলাকার পশ্চিম মঈনপুর এলাকা দিয়ে প্রবাহিত ধলাই নদীর উপর ব্রিজ না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্তমানে এই নদীর উপর নির্মিত বাঁশের তৈরি চাটাই বিছিয়ে লোকজন পারাপার হচ্ছে। পশ্চিম মঈনপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান এবং আব্দুল বারেক বলেন, ব্রিজের অভাবে বর্ষাকালে এই চাটাইয়ের উপর দিয়ে পারাপার হতে হয়। পৌরসভা থেকে ব্রিজ নির্মাণের জন্য কয়েকবার উদ্যোগ নেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এ ব্যাপারে পৌর মেয়র নজরুল ইসলাম খান বলেন, চলতি বছরই ব্রিজ নির্মাণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। প্রকল্পও তৈরী করা হয়েছে।