গুগাইলবন্দে নিরীহ লোকজনের জমি দখলের হিড়িক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গুগাইলবন্দ হাওরে স্থানীয় একটি মহল একাধিক নিরীহ লোকের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। গুগাইলবন্দ হাওরে প্রতিবছর বোরো মৌসুমে ইছাকলস গ্রামের আপ্তাব মিয়া ও আব্দুল কুদ্দুছ মেম্বার বহিরাগতদের জমি জোর দখল নিয়ে চাষাবাদ করে যাচ্ছে। চলতি মৌসুমে ও হাওরে জমি দখলের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এ চক্র। তাদের বিরুদ্ধে একাধিক নিরীহ লোকের জমি জবরদখল ও পাকা ফসল কেটে নেওয়ার অভিযোগ রয়েছে।

দু’বছর ধরে ছাতক শহরের বাগবাড়ি মহল্লার আব্দুস শহিদ মনা মিয়ার নামের রেকর্ডীয় গুগাইলবন্দ হাওরের ৮একর বোরো জমি দখলের চেষ্টা করছে আপ্তাব মিয়া ও আব্দুল কুদ্দুছ চক্র। গত বছর তার ৩একর জমির পাকা ফসল কেটে নিয়েছে তারা।

এ ব্যাপারে আব্দুস শহিদ মনা মিয়া বাদী হয়ে ইছাকলস গ্রামের আব্দুল কুদ্দুছ, আপ্তাব মিয়া, বিলাল মিয়া, আনিছ মিয়া, ইয়াছিন আলী,নজরুলসহ লোকজনের বিরুদ্ধে  কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা (নং১০) করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াছিন আলী নামের একজনকে গ্রেফতার করে। আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা উপেক্ষা করে ইছাকলস গ্রামের এ দখলদার চক্র বার-বার নীরিহ মানুষের গুগাইলবন্দ হাওরের জমি দখল করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলাও রয়েছে।

বাগবাড়ি মহল্লার আব্দুস শহিদ মনা মিয়া জানান, বর্তমানে তাকে জমিতে যেতে বাঁধা-নিষেধ, জোরপূর্বক ধান কেটে নেয়া ও প্রাণনাশের হুমকি দিচ্ছে আপ্তাব মিয়া ও সহযোগীরা। তারা অবৈধ অস্ত্র প্রদর্শন ও মোটা অংকের চাঁদা দাবী করে যাচ্ছে।

প্রাণভয়ে আব্দুস শহিদ মনা মিয়া তার জমিতে চলতি মৌসুমে বোরো চাষাবাদ করতে পারছেন না। ইউপি চেয়ারম্যান ও ইছাকলস গ্রামের বাসিন্দা কুটি মিয়াসহ সালিশকারী মাষ্টার আব্দুল হান্নান এ ব্যাপারে জানান, জমির রেকর্ডীয় মালিক বাগবাড়ি মহল্লার আব্দুস শহিদ মনা মিয়া। এ জমি নিয়ে একাধিক সালিশ অনুষ্টিত হয়েছে। বর্তমানে জমি বিক্রেতার ছেলে আপ্তাব মিয়া সালিশকারীদের উপেক্ষা করে জমি দখলের পায়তারা করছে।

স্থানীয় ফুটকুরাটিলা, ইছাকলস, মাঠিভূইটিলার একাধিক কৃষকরা জানান, হাওরে প্রতি বছরই বহিরাগতদের জমি জোর দখল করে একটি চক্র চাষাবাদ করে যাচ্ছে। ফসল কাটার সময় তারা নীরিহ লোকজনের বোরো জমির পাকা ফসল কেটে নিচ্ছে।
ইত্তেফাক/এএন