‘নির্বাচন বর্জনের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে’

জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম বলেছেন, আমাদের দেশের রাজনীতিতে একটা কুসংস্কার আছে। যদি কেউ আগেই বুঝতে পারেন নির্বাচনে পরাজিত হবেন তাহলে তিনি নির্বাচন বর্জন করেন। আবার পরাজিত হলে সংসদ বর্জন করেন।  এসব অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জ্বালাও পোড়াও করে আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত হবে। এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে।
 
জেপি সাধারণ সম্পাদক শনিবার নগরীর অশ্বিনী কুমার হলে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। বরিশাল মহানগর যুব সংহতি সৃজনশীলতায় উদ্ভাসিত শ্লোগান নিয়ে এ যুব সমাজের আয়োজন করে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেপি’র প্রেসিডিয়াম সদস্য কুড়িগ্রামের এমপি রুহুল আমিন, যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এম এ কাইয়ুম, জেপি’র সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু ও খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা এইচএম বজলুর রহমান মিন্টু।
 
সংগঠনের মহানগর সভাপতি ও জেপি’র কেন্দ্রীয় যুগ্ম যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন সুলতানের সভাপতিত্বে বক্তৃতা করেন যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন ও দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব ও বরিশাল মহানগর জেপি’র সভাপতি ডা. মনিরুজ্জামান মনির।
 
সমাবেশে উপস্থিত যুব সমাজের উদ্দেশে শেখ শহিদুল ইসলাম বলেন, শুধু রাজনীতির অঙ্গনে নয় যুব সমাজকে ভূমিকা রাখতে হবে নানান পেশায় তাদের মেধা মননকে কাজে লাগানোর মাধ্যমে। স্ব-স্ব স্থানে থেকে দেশ গড়ার কাজের জন্য যুব সমাজকে প্রস্তুত হতে হবে। নিজেকে তৈরি করতে হবে দেশের ভবিষ্যতের জন্য। 
 
তিনি বলেন, আমাদের যুব সমাজের অতীত গৌরবের। যুবকরা পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর আল-বদরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমাদের মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছে। তারা প্রমাণ করেছে বাঙালি সাহসী বীরের জাতি। তারা যুদ্ধ করে বাঁচতে জানে। বর্তমান যুব সমাজকে যুদ্ধ করতে হবে তবে তা সশস্ত্র নয়। এ যুদ্ধ হবে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে।
 
শেখ শহিদুল ইসলাম বলেন, একটি জাতির এগিয়ে যাওয়ার জন্য তিনটি বিষয় থাকতে হয়। ভবিষ্যত স্বপ্ন, সংগ্রামী অতীত ও বর্তমান কর্মমুখর যুব সমাজ। এই তিনটি আমাদের রয়েছে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন। আজ চারদিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। দেশকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে শেখ হাসিনার নেতৃত্বে। দেশ এগিয়ে নিতে আমাদের দু’টি কাজ করতে হবে সু-শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার কায়েম করতে বলেছেন। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এক শ্রেণির লোক লুটপাট করে বড়লোক হয়ে যাবে। তারা রাষ্ট্রীয় সম্পদ ভোগ করবে, চাঁদাবাজী করবে- এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সু-শাসন, সু-নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 
 
ইত্তেফাক/এমআই