বস্ত্র ও পাটমন্ত্রী মুহ. ইমাজ উদ্দীন প্রামাণিক বলেছেন, 'বর্তমান সরকার নির্বাচনকে আরো স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে স্মার্ট আইডি কার্ড চালু করেছে। এই কার্ডের ফলে নির্বাচনে কারচুপি বা ভুয়া ভোট প্রদান করার কোন সুযোগ থাকবে না।'
বিএনপি-জামায়াতকে ক্ষমতায় থাকার সময় ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার তৈরি করে ক্ষমতায় যাওয়ার নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করেছিল উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান সরকার ওইসব ভুয়া ভোটার শনাক্ত করে তাদের ভোটাধিকার বাতিল করেছে।'
মুহ. ইমাজ উদ্দীন শনিবার সকালে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। মান্দা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান বেলাল খান, নওফেল আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মুহ. ইমাজ উদ্দীন বলেন, সরকার পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ও আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেই। এ জন্য তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের কাঠামোকে শক্তিশালী করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গঠনমূলক ভূমিকা রাখার জন্য তিনি ইউপি চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান। -বাসস।
ইত্তেফাক/এসএস/ইউবি