নন্দীগ্রামে ধান বোঝাই ট্রাক গায়েব

নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারের ধান ব্যাবসায়ী জাহাঙ্গীর আলমের ৩১৩ বস্তা ধানসহ ট্রাক গায়েব হয়েছে।

শুক্রবার রাতে চাকলমা বাজার থেকে ৩১৩ বস্তা ধান নিয়ে (রাজ মেট্রো-ট-১১-৫০২৭) ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাওয়ার পথে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকইর মোড় এলাকা থেকে চালক ও হেলপারকে হাত-পা বেঁধে রেখে র্দূবৃত্তরা ট্রাকটি নিয়ে যায়।

ধান ব্যবসায়ী জাহাঙ্গির আলম জানান, আমন মৌসুম শুরু হওয়ার পর থেকে চাকলামা বাজার থেকে বিভিন্ন জেলার মিলে ধান পাঠানো হয়। শুক্রবার উপজেলার কদমা গ্রামের হাবিবুর রহমান হাবিবের ট্রাকটি ভাড়ায় ৩১৩ বস্তা ধান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। যাবার পথে কাথম-কালিগঞ্জ সড়কের ঢাকইর মোড় এলাকায় চালক ও হেলপারকে হাত-পা বেঁধে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় র্দূবৃত্তরা। শনিবার সকালে চালক নিজে এসে আমাকে ঘটনাটি বলে। তার কথাবার্তায় সন্দেহ হলে তাকে সঙ্গে নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করি।

শনিবার বিকেল সাড়ে ৩টায় নন্দীগ্রাম থানা উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করে জানান, দূর্বৃত্তরা ৩১৩ বস্তা ধানসহ একটি ট্রাক গায়েব করেছে। এ ব্যাপারে ট্রাক চালক উপজেলার কদগ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবিব ও হেলপার নওগাঁ জেলার পোরশা উপজেলার শিষা গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ৪০৭ ও ৪২০ ধারায় আত্মসাৎ মামলা দায়ের হয়েছে। এবং ধান উদ্ধারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এএন