গোবিন্দগঞ্জে বাসচাপায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের জুমারঘর নামক স্থানে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসচাপায় আবু তালেব (৩৫) নামে এক ওষুধ কোম্পানির সেলস অফিসার নিহত হয়েছেন।
 
আবু তালেব ইবনে সিনা কোম্পানির সেলস অফিসার হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবুল বাশার জানান, শনিবার সন্ধ্যার দিকে আবু তালেব পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে উপজেলার তালুককানুপুর যাওয়ার উদ্দেশে জুমারঘর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা গাইবান্ধামুখী একটি বাস তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ইত্তেফাক/এএম/ইউবি