চাকরী স্থায়ীকরণের দাবিতে নকলনবীশদের বিক্ষোভ

চাকরী স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে জেলার নকল নবীশরা। 
 
বৃহস্পতিবার সকাল থেকে জেলার ছয় উপজেলার ৭টি সাব-রেজিস্টার্ড কার্যালয়ের নকলনবীশরা জমায়েত হয় জেলা রেজিষ্ট্রার্ট কার্যালয় চত্ত্বরে। পরে সেখানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করে জেলার নকল নবীশরা।
 
নকলনবীশ সমিতি রংপুর বিভাগের সভাপতি হর্ষবর্দ্ধন রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মজিবর রহমান মজু, নকল নবীস সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, জাহেনুর লিপু, সুরত আলী, ডালিম চন্দ্র রায়, শাহ আলম, হিরেম্ব কুমার রায়, শাহাজাহান আলী, আনিসুর রহমান প্রমুখ।
 
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মজিবর  রহমান বলেন, দীর্ঘদিন থেকে নকলনবীশরা তাদের যৌক্তিক দাবী আদায়ের জন্য আন্দোলন করে আসছে। যতদিন দাবি পুরন হবে না ততদিন আমরা কর্মস্থলে যোগ দিবো না। 
 
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর থেকে চাকরী স্থায়ী করণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে জেলার ৬টি উপজেলায় একযোগে কর্মবিরতি করে আসছে নকলনবীশরা।
 
ইত্তেফাক/এএন