পুরনো ঢাকায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র সৈকতের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ শনিবার রাতে দুই ভবনের মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঢাকা ফায়ার সদর দফতরের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির চাচা মানিক আলী জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সৈকত। গত ১৯ জানুয়ারি নিখোঁজ হয় সে। পরদিন নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘুড়ি উড়াতে গিয়ে ভবনের ছাদ থেকে সৈকত পড়ে গিয়ে নিখোঁজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৈকতের বাবার নাম শাহেদ আলী। পেশায় ঠিকাদার। বাসা পুরনো ঢাকার আগাহ মসি লেনে।
ঢাকা ফায়ার সদর দফতরের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, বংশাল আগাহ মসি লেন এলাকায় (৩৬ ও ৩৬/১ নম্বর বাসার মাঝখানের সামান্য ফাঁকা জায়গা থেকে) দুই ভবনের মধ্যে এক শিশু পড়ে থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এখনও পর্যন্ত ওই কিশোরের মৃত্যুর কারণ জানা যায়নি।