রবিবার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫২তম বিশ্ব ইজতেমার সমাপ্তি হতে যাচ্ছে। সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতি বয়ান শুরু হয়েছে। ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লীর হযরত মাওলানা মোহাম্মদ সা’দ হেদায়েতি বয়ান শুরু করেছেন। এর আগে ইজতেমার ইজতেমার মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক সংক্ষিপ্ত বয়ান করেন বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম।
হেদায়েতি বয়ান শেষে হলে সকাল ১১টার দিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বি মাওলানা প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন। আর এ মোনাজাতের মধ্যেমে শেষ হবে এবারের ইজতেমার সকল পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ।
আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিগণ ইজতেমা ময়দানের দিকে আসছেন। সকালে মুসল্লিদের ভিড় আরো বাড়তে থাকে। ইজতেমা ময়দানের আশপাশে এবং ঢাকা-ময়মনসিংহ ও আব্দুল্লাহপুর- আশুলিয়া সড়ক শুধু সাদা পাঞ্জাবি আর সাদা টুপির মুসল্লিদের ঢল লক্ষ্য করা গেছে।
আখেরি মোনাজাতের জন্য রবিবার আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিসে ছিল ছুটি। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা ছিল না।
ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য রবিবার সকাল থেকে ১৪টি বিশেষ ট্রেন যাতায়াত করবে। ১১১টি ট্রেন টঙ্গী রেল স্টেশনে যাত্রাবিরতি করবে। এছাড়া ২২৮টি বিআরটিসি বাস ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের যাতায়াতের জন্য চলাচল করবে।
এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১৩ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। প্রথম পর্বে ১৭ টি জেলা অংশ নিয়ে ছিল। দ্বিতীয় পর্বের ইজতেমাতেও ১৭টি জেলা অংশ নিয়েছে।
ইত্তেফাক/এসএস