ট্রাম্পের দ্বিতীয় দিন : প্রার্থনা, সিআইএ পরিদর্শন, মিডিয়াকে আক্রমণ

 
দ্বিতীয় দিন প্রার্থনায় বসে, সিআইএ প্রধান কার্যালয় পরিদর্শন এবং মিডিয়াকে আক্রমণ করে পার করলেন নতুন দায়িত্ব গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দিন শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানান।
 
প্রতিবেদনে বলা হয়, শনিবার দিনের শুরুতে চার্চে বসে প্রার্থনা করেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপর তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সির (সিআইএ) প্রধান কার্যালয়ে সফরে যান। সিআইএ'র সঙ্গে নিজের খারাপ হওয়া সম্পর্ক ভাল করার জন্য ট্রাম্প এই সফর করেছেন বলে ধারণা করা হয়।
 
ট্রাম্প সেখানে বলেন, আমার মত গুরুত্ব দিয়ে গোয়েন্দা সংস্থা বিশেষত সিআইএ'র মত সংস্থা নিয়ে কেউ ভাবেন না। আমি তোমাদের পেছনে (সমর্থনে) আছি। আমি জানি, কখনো কখনো প্রয়োজনীয় সমর্থন পান না আপনারা।
 
ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে সিআইএ।
 
নির্বাচনকালে ডেমোক্রেটদের প্রচারণা শিবিরে রাশিয়ান হ্যাকাররা আক্রমণ করেছে- সিআইএ'র দেয়া এমন প্রতিবেদনের পর গোয়েন্দা সংস্থাটির সমালোচনা করেন ট্রাম্প। আর সে কারণেই ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হয় সিআইএ'র। সেই সম্পর্ক দৃঢ় করার লক্ষ্য নিয়ে ট্রাম্প এই সফর করেছেন বলে ধারণা করছে দেশটির গণমাধ্যম।
 
এ ছাড়াও ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানে মিডিয়ার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। মিডিয়ায় প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, 'ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যত সমর্থক যোগ দিয়েছেন তার থেকে কয়েকগুণ বেশি মার্কিন নাগরিক বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ' শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বলেও খবর প্রকাশিত হয়, যা পছন্দ করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, আন্দোলনকারীদের ছবি কাছ থেকে তুলে অনেক বেশি মানুষ দেখানো হচ্ছে, অন্যদিকে তার অভিষেক অনুষ্ঠানের ছবি দূর থেকে তোলা হয়েছে।
 
 
এ সময় তিনি বলেন, মিডিয়ার সঙ্গে আমার যুদ্ধ চলছে। তারা পৃথিবীর বুকে সবচাইতে অসৎ মানুষ। 
 
এর কিছু পরে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শেন স্পাইসার জানান, মিডিয়া 'অশোভন' আচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি আরো বলেন, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সবচাইতে বেশি সমর্থক উপস্থিত ছিল। মার্কিন আর কোন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে এত জনসমাগম হয়নি। আর কেউ যদি তা ভিন্ন অন্যকিছু মনে করেন, তাহলে বিষয়টা হবে (তার জন্য) বেশ লজ্জাজনক। সিএনএন।
 
ইত্তেফাক/আরএ