প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৮ ছিল বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় সময় রবিবার বিকালে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে কিছু প্রশান্ত মহাসাগরীয় দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯। তবে সিডনি মর্নিং হেরাল্ড জানাচ্ছে ৮ দশমিক ৪ মাত্রার কথা।
ইউএসজিএস অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানগুনা থেকে ৪১ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১৩৬ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে প্রথমে জানানো হয়েছিল, ভূমিকম্পের কারণে পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু, পোনপেই, কোসরাই, ভানুয়াতু, চউক ও ইন্দোনেশিয়ার উপকূলে সুনামির আশঙ্কা রয়েছে। পরে পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপপুঞ্জ থেকে সুনামি সতর্কতা নামিয়ে দেয়া হয়। তবে বাকি দেশ থেকে এখনো সুনামি সতর্কতা নামানো হয়নি।
ইত্তেফাক/এএসএস