দ্বৈতগানে কণ্ঠ দিলেন চ্যানেল আই সেরা কন্ঠ খ্যাত তারকা নদী ও মেধাবী তরুণ কণ্ঠশিল্পী এমএইচ রিজভী। ‘তাইতো ফিরে আসি’ শিরোনামের রোমান্টিক ধাঁচের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আসছে ভালবাসা দিবসে গানটি প্রকাশ করা হবে রিজভীর প্রথম দ্বৈত অ্যালবামে।
এরআগে তার ৬টি সিঙ্গেল গান প্রকাশ হয়েছে ভিডিও আকারে। এবার প্রথমবারের মত তিনটি দ্বৈত গান দিয়ে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন এমএইচ রিজভী।
গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে নদী বলেন, ‘গানটি কন্ঠে ধারণ করার আগে আমার ভেতরে একটা ভালো লাগা কাজ করছিলো। সচরাচর এখনকার গান যেমন হয়, এই গানটি তার থেকে কিছুটা আলাদা। গানটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস আমার।’
রিজভী বলেন, ‘কিছু কিছু গানের কথা এমন হয়, যা প্রতিটি প্রেমিক হৃদয়ের গহীনে অহর্নিশি বাজতে থাকে। সেই অগোছালো কথা সাজিয়েছেন ফয়সাল ভাই। আর তাতে প্রানের স্পন্দন দিয়েছেন জেকে ভাই। সব মিলিয়ে কাজটি দারুণ হয়েছে।'
ইত্তেফাক/এমএআর