সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন হত্যার ঘটনায় আটক তিনজনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এই রিমান্ডের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা ইমন হত্যা মামলায় গ্রেফতারকৃত সুলতানপুর এলাকার শেখ বখতিয়ার হাসান বিপ্লব, শেখ মোস্তাফিজুর রহমান মুরাদ ও রেজাউল ইসলাম মোল্লা রনিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে রেজাউল ইসলাম মোল্লা রনিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) আলমগীর কবির জানান, সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক রিমান্ড শুনানি শেষে শেখ বখতিয়ার হাসান বিপ্লব, শেখ মোস্তাফিজুর রহমান মুরাদকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামি রনিকে জেল গেটে দুইদিন জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের আমতলা বিলের একটি ঘের থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। রাতে শহরের সুলতানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। ইমন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ ইকবাল হাসান লিটনের ছেলে এবং খুলনা কমার্স কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
ইত্তেফাক/এএন/ইউবি