মহেশপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে বিষ খাইয়ে তার স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

 

এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, উপজেলার পুরন্দপুর গ্রামের অলি মোহাম্মদের ছেলে শরিফুল ইসলামের (৩৫) সঙ্গে জীবননগর থানার হাসদাহ গ্রামের সিদ্দিক মণ্ডলের মেয়ে রোজিফা বেগমের (৩০) ১০/১২ বছর আগে বিয়ে হয়। এক দেড় বছর ধরে শরিফুলের ব্যবসায়ী অংশীদার একই গ্রামের আয়নাল সরদারের ছেলে জাহিদুল ইসলাম জাদুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে রোজিফা বেগম।

 

শরিফুলের ভাই আব্বাস আলী অভিযোগ করেন, রোজিফা ও জাহিদুল গত ২১ জানুয়ারি রাতে কোমল পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ালে শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে জীবননগর হাসপাতালে পরে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়। ওই দিন রাতে তিনি মারা যান। স্ত্রী রোজিফা কৌশলে শরিফুলের মৃতদেহ বাড়ি নিয়ে আসেন। বিষয়টি সন্দেহ হলে মহেশপুর থানায় অভিযোগ করা হয়। মহেশপুর থানার এস.আই মাসুদ ঘটনাস্থলে পৌছালে তার কাছে মৃত্যুর বিষয়টি সন্দেহ হলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহে পাঠায়।

 

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিজান জানান, বিষয়টি তাদের কাছে সন্দেহ হলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন।

ইত্তেফাক/এএন/ইউবি