রংপুর ও গাইবান্ধা জেলার পীরগাছা ও সাঘাটা উপজেলায় দুটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে প্রাণ ডেইরি লিমিটেড ও অক্সফাম।
সম্প্রতি অক্সফাম বাংলাদেশের ঢাকা অফিসে প্রাণ ডেইরি লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার মো. মনিরুজ্জামান ও অক্সফাম বাংলাদেশ এর প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
প্রাণ ডেইরি ও অক্সফাম এর সমন্বিত উদ্যোগে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে রংপুর ও গাইবান্ধা জেলার চরাঞ্চলের দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত দুই হাজার খামারি প্রতিদিন দুই থেকে তিন হাজার লিটার দুধ বাজারজাত করতে পারবে।
অনুষ্ঠানে মো. মুনিরুজ্জামান বলেন, প্রাণ ডেইরি দেশে দুগ্ধ উৎপাদন বাড়াতে খামারিদের সঙ্গে সরাসরি কাজ করে যাচ্ছে। এই দুটি শীতলীকরণ কেন্দ্র স্থাপন করা হলে খামারিরা উপকৃত হবে।
অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি. সোনেজি বলেন, ‘বাংলাদেশি বহুজাতিক কোম্পানি হিসেবে প্রাণ তার ডেইরি কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করছে। প্রাণ ডেইরির সঙ্গে আমাদের এই প্রকল্প ফলপ্রসূ বলে।’
অনুষ্ঠানে প্রাণ ডেইরির জেনারেল ম্যানেজার রাজিব ইবনে ইসলাম, ডেইরি চিফ (এক্সটেনশান) ডা. মো. রাকিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন/ইউবি