৮৬ রানের জয়ে সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

পাকিস্তানকে ৮৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই জয়ের মধ্য দিয়ে অজিরা সিরিজ জিতলো ৩-১ এ।
 
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি স্মিথ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া ৩৫৩ রান তোলে।
ব্যাটিংয়ে নেমে ৪৩.৫ ওভারে ২৬৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে অস্ট্রেলিয়া ৮৬ রানের জয় পায়।
 
শুরুতে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৯২ রান করেন ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার।  ৩০ রান করে খাজা বিদায় নিলেও ওয়ার্নার ক্যারিয়ারের ১২তম শতক তুলে নেন।
 
১১৯ বল মোকাবেলায় ১১টি চার আর দুটি ছক্কায় করেন ১৩০ রান।  তিন নম্বরে নামা দলপতি স্মিথের ব্যাট থেকে আসে ৪৯ রান। ট্রেভিস হেড ৩৬ বলে চারটি ছক্কা আর দুটি বাউন্ডারিতে করেন ঝড়ো ৫১ রানের ইনিংস। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল করেন ৭৮ রান।  
 
পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন হাসান আলি।  
 
৩৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনার শারজিল খান করেন ইনিংস সর্বোচ্চ ৭৪ রান। তিন নম্বরে নামা বাবর আজম ৩১ রান করে বিদায় নেন। ম্যাচের মোড় ঘোরাতে চেষ্টা করা মোহাম্মদ হাফিজ করেন ৪০ বলে ৪০ রান। সোয়েব মালিকের ব্যাট থেকে আসে ৪৭ রান। ইমাদ ওয়াসিম করেন ২৫ রান। কিন্তু লাভ হয়নি।
 
অজিদের হয়ে তিনটি করে উইকেট দখল করেন জস হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা। দুটি উইকেট তুলে নেন ট্রেভিস হেড।
 
ইত্তেফাক/এমএইচ