গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের বুজরুক পাঠানোছা (সোনারপাড়া) গ্রামে বিরোধপূর্ন জমি নিয়ে এক সংঘর্ষে আহত মুসা আকন্দ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মুছা আকন্দ ওই গ্রামের রহিম উদ্দিন আকন্দের ছেলে। এ ঘটনায় রবিবার সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ ইউনুস আলী (৫৫) ও তার ছেলে শামসুজ্জোহা শাকিল (২৮) কে আটক করেছে।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, ওই গ্রামের ইউনুস আলী গং এর সঙ্গে মুসা গং এর দীর্ঘদিন ধরে ৭৪ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমিতে শনিবার দুপুরে বোরো ধান রোপনের জন্য জমি চাষ করতে যায় মুছা ও তার লোকজন। খবর পেয়ে ইউনুস আলী ও তার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে এক সংঘর্ষ বাঁঘে। সংঘর্ষে মুসাসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
ইত্তেফাক/এএন