বেড়ায় চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনার বেড়া উপজেলার ঢালারচরে নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের আঞ্চলিক নেতা কুব্বাত সিকদারকে (৪০)  কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের চরদূর্গাপুর বাবলা বাগানের পাশে এ ঘটনা ঘটে। নিহত কুব্বাত সিকদার ঢালারচর ইউনিয়নের টাকশিমুলিয়া গ্রামের মোজাহার সিকদারের ছেলে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এম. তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুব্বাত সিকদার নিজেও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল (জনযুদ্ধ) এর আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে আমিনপুর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে এবং মাথায় ও পিঠে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএন/ইউবি