বিদেশি প্রতিষ্ঠান মূল কোম্পানি থেকে স্বল্প মেয়াদি ঋণ নিতে পারবে

এখন থেকে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) কার্যরত শতভাগ বিদেশি মালিকানার প্রতিষ্ঠানগুলো তার মূল ও সহযোগী কোম্পানি থেকে স্বল্প মেয়াদি ঋণ নিতে পারবে। এতোদিন এধরনের প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে শুধুমাত্র দীর্ঘ মেয়াদি ঋণ নিতে পারতো। 
 
রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, নিজ প্রতিষ্ঠান থেকে চলতি মূলধন হিসাবে ঋণ নেওয়ার সুযোগের ফলে সুদ ব্যয় কমবে। আবার এধরনের প্রতিষ্ঠানের মূল বা শেয়ারহোল্ডার কোম্পানির কাছে উদ্বৃত্ত অর্থ থাকলে সেটিও সহজে ও ঝুঁকিমুক্তভাবে ব্যবহার সম্ভব হবে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইপিজেড ও ইজেডে কার্যরত শতভাগ বিদেশি প্রতিষ্ঠানগুলো তার মূল কোম্পানি বা শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান থেকে দীর্ঘ মেয়াদি ঋণ নিতে পারে। এখন স্বল্প মেয়াদি ঋণের অর্থ ছাড় করার আগে ওই অর্থ যে বিনিয়োগের কাজে ব্যবহার হচ্ছে তা নিশ্চিত করতে বলা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই