বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলমানদের সমস্যা এবং বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো শ্রি আনিফাহ আমানের সঙ্গে আলোচনা করেছেন।
 
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ‘মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলামানদের অবস্থা নিয়ে ওআইসি’র কাউন্সিল অব মিনিস্টারস’-এর বিশেষ অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগসহ দ্বিপাক্ষিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলমানদের সমস্যা নিয়ে মতবিনিময় করেন। আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
 
দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শ্রমিক নিয়োগের বাংলাদেশকে ‘অফিসিয়াল সোর্স কান্ট্রি’ হিসেবে ঘোষণা করার জন্য মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান। নতুন ‘জিটুজি প্লাস’ পদ্ধতির আওতায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের ফলে এই খাতের অনেক সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওআইসির কাউন্সিল অব মিনিস্টারস’-এর বিশেষ বৈঠক আহ্বানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিশ্বের ১৬০ কোটি মুসলমানের মতামতকে মিয়ানমার উপেক্ষা করতে পারে না।
 
মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলমানদের সমস্যা কোনো আন্তঃধর্মীয় সংঘাত নয়, বরং এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মত প্রকাশ করেন।
 
উভয় মন্ত্রী সমস্যার একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আসিয়ান, ওআইসি এবং জাতিসংঘের বৃহত্তর ভূমিকার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হন। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ