যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত খেলার মাঠটি সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছি। বঙ্গবন্ধু এখানে খেলেছেন, তাই আমরা চাই এ মাঠটি সংরক্ষিত হোক। এ মাঠটিকে একটি খেলার মাঠে পরিণত করে আমরা সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। এ জন্যই আমরা এখানে এসেছি। পাশাপাশি টুঙ্গিপাড়াতেও একটি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্য আমাদের রয়েছে। সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা মাঠের স্থান পরিদর্শন করেছি। আশা করছি অচিরেই আমরা বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠটি সংরক্ষণের জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করবো। আমরা বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠটির ডিজাইন প্রধানমন্ত্রীকে দেখাব। প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিলেই আমরা কাজ শুরু করবো। বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শৈশবের খেলার মাঠ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এরপর প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ার মল্লিকের মাঠ এলাকায় প্রস্তাবিত টুঙ্গিপাড়া স্টেডিয়াম এলাকা, টুঙ্গিপাড়া শেখ জামাল যুব ও প্রশিক্ষণ কেন্দ্র, গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ ফজলুল হক মণি স্মৃতি স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফর উদ্দিনসহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।