শৈশবের এক অপ্রীতিকর ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপূর। ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন, কী ভাবে ছোটবেলায় যৌন লাঞ্ছনার শিকার হয়েছিলেন তার বর্ণনা।
সোনমের বয়স তখন ১৩ থেকে ১৪ বছর। সোনম বলেন, ‘আমার মনে আছে, বন্ধুরা মিলে অক্ষয় কুমার আর রবিনা ট্যান্ডন অভিনীত একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। গ্রুপে আমরা সবাই ছিলাম মেয়ে।এক বন্ধুর জন্মদিন ছিল সেদিন। আমার খুব স্পষ্ট মনে আছে দিনটা। হল থেকে বেরিয়ে আমরা সবাই মিলে সিঙ্গারা কিনতে যাচ্ছিলাম। তখন রাস্তা পেরোচ্ছি। হঠাৎ একটা লোক পেছন থেকে এসে আমার শরীরের সামনে হাত রাখলো। ভয়ে সারা দেহ কাঁপতে শুরু করেছিল। বুঝতে পারছিলাম না, কী হয়ে চলেছে আমার সঙ্গে, আমি কাঁদতে শুরু করলাম। আমি কাউকে কিচ্ছু বলতে পারি।
সোনম আরও বলেছেন, ‘আমি জানি, আরও অনেককেই তাদের শৈশবে যৌন হেনস্থার শিকার হতে হয়। বিষয়টা যে তাদের মনে কতখানি গভীর ছাপ রেখে যায়, তা আমি বুঝতে পারি, কারণ আমারও সেই অভিজ্ঞতা হয়েছে।’
এই ঘটনা ঘটে যাওয়ার পর দু'-তিন বছর এই বিষয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি। কিন্তু এখন আর তিনি কাউকে পরোয়া করেন না। এখন তিনি সরব হয়েছেন শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে। যাতে অন্যদের ক্ষেত্রে এমন ঘটনা আর না ঘটে। এবেলা।
ইত্তেফাক/এমএআর