আবারো মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি ট্রাম্পের

g এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত ফের বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশি দেশ মেক্সিকো অবৈধ অভিবাসীদের অবাধে সীমান্ত অতিক্রমের সুযোগ দিচ্ছে। এ কারণে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেওয়া হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে প্রবেশ করতে চাওয়া অবৈধ অভিবাসীর ঢল বন্ধে সহযোগিতা করার ব্যাপারে মেক্সিকো কিছুই করছে না। এ ব্যাপারে তারা সবকিছু করার কথা বললেও বাস্তবে দেশটি কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ তিনি বলেন, ‘একইভাবে হন্ডুরাস, গুয়েতেমালা ও এল সালভাদর বছরের পর বছর ধরে আমাদের অর্থ নিলেও তারাও কিছু করছে না। এটা খুবই খারাপ।’

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ট্রাম্পের এমন সমালোচনা প্রত্যাখ্যান করে সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমরা অনেক কিছুই করছি।’ তিনি আরো বলেন, এক্ষেত্রে ‘আমাদের যা কিছু করার সুযোগ রয়েছে আমরা তার সবকিছু করছি। যুক্তরাষ্ট্রের সাথে আমরা কোনোভাবে বিরোধে জড়াতে চাই না।’ তিনি বলেন, অভিবাসনের বিভিন্ন কারণ মৌলিকভাবে মোকাবেলা করার ওপর এর সমাধান নির্ভর করছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে ব্যাপক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকায় বিশ্বের ব্যস্ততম সীমান্তগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত।