লামায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটায় এক পোলট্রি ফার্ম কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ফার্মের কর্মচারীরা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুল আজিজ (২৭) নামে ওই কর্মচারীর লাশ দেখতে পায়। লামা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত আব্দুল আজিজ পার্শ্ববর্তী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার মুফতি ফরিদ উদ্দিনের ছেলে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

স্থানীয় ইউপি মেম্বার জয়নাল আবেদীন জানিয়েছেন, ৫-৬ দিন আগে নিহত আব্দুল আজিজ মহেশখালী থেকে লামা উপজেলার সরই এলাকার মক্কা এগ্রো ফার্মে কাজ করতে আসেন। সোমবার সকালে কর্মচারীরা ফার্মের পিছনে গাছের সঙ্গে লাশ ঝুলে থাকতে দেখে তাকে খবর দেয়।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএন/ইউবি