টাঙ্গাইলে ১২ বস্তা গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

২০ লাখ টাকার ১২ বস্তা গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। সোমবার দুপুরে টাঙ্গাইলে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান, এসআই মো. নূরে আলম সিদ্দিকী, এএসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স রবিবার সন্ধ্যায় মহাসড়কের গোলচত্বর এলাকার এ অভিযানে ছিলেন।

আটক ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া থেকে বগুড়াগামী ঢাকা মেট্রো-ট-১৪-৭৭১৩। ট্রাকটিতে রাখা ১২ বস্তায় ৫ মন গাঁজাসহ ট্রাকচালক মিলন হোসেন মন্টু (২৪), হেলপার রবিউল আউয়াল (২৫) ও গাঁজাবহনকারী দোলনকে (৪০) আটক করে পুলিশ। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এএন/ইউবি