অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের বিভিন্ন হাসপাতাল ও একটি স্কুলে হামলা চালানোয় বৃহস্পতিবার দেশটির সরকার ও তাদের মিত্র দেশ রাশিয়াকে দায়ী করেছে। গত মাসে বিমান ও কামানের সাহায্যে এসব হামলা চালানো হয়। খবর এএফপি’র।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধ শুরুর আট বছর পরও সিরীয় সরকার যুদ্ধ আইন ও বেসামরিক নাগরিকের জীবনের কোনো তোয়াক্কা না করে তাদের দমন-পীড়ন অব্যাহত রেখেছে।’মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, জিহাদি গ্রুপ হায়াত তাহরির আল-শামস নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে গত ফেব্রুয়ারি থেকে সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ১৭০ বেসামরিক নাগরিক নিহত ও হাজার হাজার লোক গৃহহীন হয়েছে।
অ্যামনেস্টি জানায়, এ সময়ের মধ্যে ইদলিবে হাসপাতাল, ব্লাড ব্যাংক ও অন্যান্য মেডিক্যাল স্থাপনার পাশাপাশি একটি স্কুল ও একটি বেকারিতে হামলা চালানো হয়। তারা জানায়, রাশিয়ার সহযোগিতায় সিরীয় সরকার যেসব হামলা চালাচ্ছে তাতে কোনো আইন মানা হচ্ছে না। ফলে সেখানে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।