‘অন্যের কাছে হাত পাতা সম্মানের কাজ হতে পারে না’

মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ‘ভিক্ষাবৃত্তি সব ধর্মেই ঘৃণিত কাজ। প্রতিটা মানুষেরই আত্মমর্যাদা রয়েছে। অন্যের কাছে হাত পেতে জীবন চালানো সম্মানের কাজ হতে পারে না।’
 
সোমবার বিকালে উপজেলার বামন্দী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা উপলক্ষে পরিষদ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা শেষে ইউনিয়নের ২৪ জন ভিক্ষুকের মধ্যে চারজনকে একটি করে ছাগল ও ২০ জনকে ভিজিডি কার্ড বিতরণ করে পুনর্বাসন করা হয়। এরপর এই ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়। পাশাপাশি ভিক্ষুকদের শীতবস্ত্র হিসাবে কম্বল দেয়া হয়।
 
এ সময় জেলা প্রশাসক ভিক্ষুকমুক্ত করতে সমাজের বিত্তবানদের  সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
 
এতে বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে সঞ্চালনা করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল হুদা ওরফে নূহু বাঙ্গালি। বিশেষ অতিথি হিসেবে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ-জামান ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
 
অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ ব্যক্তিত্ব, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা আব্দুল গণি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএসএমইউ