g রয়টার্স
ইথিওপিয়ান এয়ারলাইন্সের ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই বিমান বিধ্বস্তে নিহত রুয়ান্ডান নাগরিক জ্যাকসন মুসোনির পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়েছে। ইথিওপীয় এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় এটিই প্রথম মামলা।
গত ১০ মার্চ ১৫৭ জন আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিশেষজ্ঞরা বলেছিলেন, বিমান বিধ্বস্তের কারণ হিসেবে প্রযুক্তিগত সংকট কিংবা মানুষের ভুলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন করে ম্যাক্স ৮ বিধ্বস্ত হওয়ার পর বোয়িং-এর উপর চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে বিশ্বে ৭৩৭ ম্যাক্স সিরিজের সব বিমান চলাচল স্থগিত করে বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার সেই বোয়িংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শিকাগোতে ফেডারেল আদালতে মামলা করা হলো। মামলার অভিযোগে বলা হয়, ৭৩৭ ম্যাক্স সিরিজের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ত্রুটিপূর্ণভাবে তাদের স্বয়ংক্রিয় ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার নকশা করেছে। মামলার অভিযোগপত্রে আরো বলা হয়, বিমানের ত্রুটিপূর্ণ সেন্সর নিয়ে জনগণ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও পাইলটদেরকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে বোয়িং। সেকারণে বিমানটি স্বয়ংক্রিয় ও অনিয়ন্ত্রিতভাবে চলছিলো।
এদিকে মামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বোয়িংয়ের মুখপাত্র বলেন, ‘নতুন করে পাওয়া তথ্য পর্যালোচনায় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বোয়িং।’ তিনি আরো বলেন, ওই দুর্ঘটনা নিয়ে চলমান তদন্ত সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা সরাসরি তদন্ত কর্তৃপক্ষকে করতে হবে।