সশস্ত্র বাহিনী ও বিজিবির মতো এবার প্রথমবারের মতো পুলিশের দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বললেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী পুলিশের দরবার হলে যাননি। টানা দেড় ঘণ্টা প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নানা অভিজ্ঞতা, বিড়ম্বনা ও দাবির কথা শুনলেন। প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের দাবি যথাযথ বিবেচনায় পূরণ করা হবে বলেও তাত্ক্ষণিকভাবে পুলিশ সদস্যদের জানিয়ে দিলেন। এসময় একজন পুলিশ সদস্য প্রধানমন্ত্রীকে জানান, পুলিশ হেফাজতে দমন নির্যাতন আইনের কারণে পুলিশ মামলার তদন্তে নানা ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে। এই আইনটির কারণে পুলিশ সদস্যরা আসামিদের কাছ থেকে সঠিক তথ্য বের করতে পারছে না। আবার এই আইনটি নানাভাবে পুলিশের কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক। এই আইনটি রহিত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে পুলিশ সদস্যরা জোর দাবি জানান। গতকাল সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত এক দরবারে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে গতকাল সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০১৭’ উদযাপন উপলক্ষে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজ শেষে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ শিরু মিয়া মিলনায়তনে পুলিশ সদস্যদের জন্য দরবারের আয়োজন করা হয়। এসময় পুলিশের মাঠ পর্যায়ের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে তাদের অভিজ্ঞতা, বিড়ম্বনা, কাজের প্রতিকূলতা, পোশাক, বাসস্থান, যানবাহন, আধুনিক হাসপাতাল, নিজস্ব জমিতে থানা প্রতিষ্ঠা, ১০ শতাংশ পোষ্য কোটা, পুলিশ সদস্যদের প্রশিক্ষণসহ নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রীর কাছে মাঠ পর্যায়ের পরিস্থিতি জানাতে বক্তব্য রাখেন পুলিশের একজন কনস্টেবল, একজন সার্জেন্ট, একজন উপ-পরিদর্শক (এসআই), একজন পরিদর্শক (ইন্সপেক্টর), একজন সহকারী পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন পুলিশ সুপার। তারা তাদের বিভিন্ন দাবির ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
দরবার হলে ঐ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি এ কে এম শহীদুল হকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।