আজ থেকে শুরু হচ্ছে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উৎসবটির উদ্বোধন করবেন।
উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার।
আয়োজক সংস্থা চিলড্রেনস ফিল্ম সোসাইটি জানিয়েছে, ৩০ জানুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী এই উৎসব রাজধানী ঢাকার পাশাপাশি চলবে রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, টাঙ্গাইল ও জয়পুরহাটে। এ ছাড়া চট্টগ্রামে এই উৎসব হবে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি।
এ বছর উৎসবে সারা দেশে মোট ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সব প্রদর্শনী অভিভাবকসহ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি করে প্রদর্শনী হবে।
ইত্তেফাক/এমএআর