পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদসহ ১২দফা দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘটের মঙ্গলবার চলছে দ্বিতীয় দিন।
অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানিকৃত পণ্য বোঝাই কয়েক শ' ট্রাক আটকা পড়েছে বন্দরে। তবে আটকা পড়া এ সব ট্রাকের মধ্যে আমদানিকৃত পচনশীল পণ্য রয়েছে বেশির ভাগ ট্রাকে। ফলে সোমবার বিকাল থেকে বন্দর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বিঘ্ন ঘটছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। বন্দরে কর্মরত প্রায় ৩ হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজ করতে পারছে না। বন্দরে খালি ট্রাক প্রবেশ না করায় তাদের এখন পার করতে হচ্ছে অলস সময়।
পণ্য পরিবহন ধর্মঘটে বেনাপোল বন্দর দিয়ে আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও আজ মঙ্গলবার সকাল থেকে রপ্তানিকৃত পণ্য বোঝাই কোন ট্রাক ভারতে যায়নি।
বন্দরে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক থেকে মালামাল নামানোর কাজ স্বাভাবিক আছে। তবে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের চলাচল ও রয়েছে স্বাভাবিক।
ইত্তেফাক/এসএস