গোপালগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রত্না বেগম (২৫) নামে এক গৃহবধূকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলি নূর হোসেন এ তথ্য জানান। নিহত রত্না বেগম একই গ্রামের মফিকুর শেখের স্ত্রী। তার ১১ মাস বয়সের একটি সন্তান রয়েছে।
 
স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের সময় বাড়িতে ওই শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। রাতে স্বামী মফিকুর বাড়ি ফিরে এসে এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
 
কাশিয়ানী থানার ওসি এ.কে.এম আলী নূর হোসেন বলেন, 'পুলিশ এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে। ওই গৃহবধূর স্বামী সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
 
ইত্তেফাক/এসএস