গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগে পরাজিত স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধে পুলিশ সদস্যদের ওপর হামলা, পুলিশ সদস্য আহত, গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযাগে অজ্ঞাত ৭শ/৮শ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ মার্চ গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন ২৫ মার্চ ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা গোপালগঞ্জ- কোটালীপাড়া ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়রকের বিভিন্ন স্থানে সড়কের গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে। ২৫ ও ২৬ মার্চ ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ সদস্য মো. দুলাল হোসেন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা পুলিশের গাড়িও ভাঙচুর করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা, আহত, গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযাগে অজ্ঞাত ৭শ/৮শ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।