গোপালগঞ্জের কাশিয়ানীতে মসজিদের ইমামের বেতনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চর জাজিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মসজিদের ইমামের বকেয়া বেতনের টাকা চাওয়া নিয়ে সেলিমুজ্জামান শেখ ও শওকত মোল্যার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে শওকত মোল্যা (৪০), রিপন মোল্যা (৩৫), বাকিয়া মোল্যা (৩২), আতিয়ার রহমান মোল্যা (৩৩), বিল্লাল মোল্যা (৩০), নেওয়াজ সিকদার (২৮), লিটন মোল্যা (৩০), মাহমুদ মোল্যা (৩০), জাপান শেখ (২৮), এলাহী মোল্যা (২৮), পিকুল মোল্যা (২৬), বাবুল মোল্যা (২৬) ও সোহাগ মোল্যাসহ (২৬) উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলী নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এমআই