পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও তিন শিক্ষার্থীকে বহিস্কারের ঘটনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যথাসময়ে শিক্ষার্থীরা নিরাপদে হলত্যাগ করে চলে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে উপাধ্যক্ষ ডাঃ প্রফেসর আনম ফজলুল হক পাঠান বলেন, কলেজ খোলা রয়েছে। বিদেশী শিক্ষার্থী ও পোস্ট গ্যাজুয়েটদের পরীক্ষাসহ সকল কার্যক্রম চলছে। কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি অথচ বিভিন্ন মিডিয়ায় কলেজ বন্ধের খবরে তিনি হতাশ হয়েছেন।
এদিকে পরিস্থিতি জানার জন্য সরকারদলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিস্থিতি জানার জন্য ফোনে খোঁজ-খবর নিয়েছেন বলে তিনি এ প্রতিবেদককে জানান।
গত বুধবার রাতে শহরের বাঘমারাস্থ ছাত্রাবাসে ৫ম বর্ষের ছাত্র শহিদুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে ২য় বর্ষের হিমেল, অনুপম দত্ত ও সিয়াম নামে তিন ছাত্র। এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করে। এ নিয়ে রবিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরী সভা করে। সভায় শহিদুলের ওপর হামলাকারী হিমেল, অনুপম দত্ত ও সিয়াম নামে ২য় বর্ষের তিন ছাত্রকে এক বৎসরের জন্য বহিস্কার করা হয়। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হলে উক্ত সভায় কলেজ খোলা রেখে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ প্রদান করে।
ইত্তেফাক/এএন