ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় নসিমন উল্টে ৩ গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৪ গরু ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরিপুর উপজেলার মশালডাঙ্গী এলাকায় ইদ্রিস (৭০) উখাইচণ্ডী গ্রামের বাবলু (৪৫) ও এরফান (৬৫)। আহতরা হলেন, ড্রাইভার এনামুল, পিয়ারুল, ইউসুফ ও মজিবর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলা থেকে একটি গরু বোঝাই নসিমন আমগাঁও জাবন ইটভাটার সামনে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নসিমন উল্টে ঘটনাস্থলে দুই গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয় আরো ৫ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে ড্রাইভার এনামুল ও এরফানের অবস্থা গুরুতর হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুর যাওয়ার পথে বোঁচাগঞ্জ নামক স্থানে এরফান (৬৫) মারা যান।
ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহিদুর রহমান দুর্ঘটনায় হতাহতের খবরটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএন