২০১৭ সালে প্রযুক্তি খাতে নতুন দিগন্তের সূচনা করবে ওয়ালটন

২০১৭ সালে প্রযুক্তি পণ্য উৎপাদন খাতে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন। চলতি বছর ওয়ালটন ফ্রিজ, এলইডি টেলিভিশন, ল্যাপটপ ও এয়ার কন্ডিশনারে যুক্ত হতে যাচ্ছে নতুন মডেল। একই সঙ্গে কম্প্রেসার, কম্পিউটার মাদারবোর্ড ও মোবাইল ফোনের মতো নতুন হাই-টেক পণ্য উৎপাদনেরও উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক করপোরেশনে আয়োজিত দিনব্যাপী ‘ডিস্ট্রিবিউটর কনফারেন্স‘ এ এসব কথা বলেন, ওয়ালটন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম।

তিনি জানান, চলতি বছরের শুরুতে এসেছে ৪টি নতুন প্রযুক্তির ফ্রিজ। এগুলো হলো গ্লাস ডোর, ডিজিটাল ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার ও সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর। এ বছর বিশ্বের যেকোন ব্র্যান্ডের চেয়ে সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিকমানের ফ্রিজ উৎপাদন করতে সক্ষম হবে ওয়ালটন। ফ্রিজের পাশাপাশি ২০১৭ সালে এসিতেও যুক্ত হতে যাচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি। টেলিভিশনে যুক্ত হবে আগামী প্রজম্মের কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির স্পেকট্রাকিউ টিভি।

তিনি আরো জানান, বর্তমানে সারাবিশ্বে কয়েকশ ফ্রিজ উৎপাদনকারি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ালটনের অবস্থান ১৭ তম। ওয়ালটনের লক্ষ্য ২০২০ সালের মধ্যে সেরা ১০টি ফ্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকায় উঠে আসা এবং বার্ষিক ৪০ লাখ ফ্রিজ উৎপাদন করা। গত বছর ২০১৫ সালের তুলনায় ওয়ালটন ফ্রিজের বিক্রি বেড়েছে ৪২ শতাংশ। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে ২০২০ সালের মধ্যে কাঙ্খিত লক্ষ্য পৌঁছনো সহজ হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রিজভী। বিশেষ অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম রেজাউল আলম, তাহমিনা আফরোজ ও রাইসা সিগমাসহ ওয়ালটনের উর্ধতন কর্মকর্তারা।

কনফারেন্সে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপের ওপর ছিলো বিশেষ প্রেজেন্টেশন। ল্যাপটপের সাশ্রয়ী মূল্য, গুনগত উচ্চমান এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তৃতা করেন ওয়ালটনের পরিচালক এসএম রেজাউল আলম।

ইত্তেফাক/এএন