চকরিয়ায় ৮ বছরের শিশুকে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় আট বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ফুফার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায়।

নিহত শিশুর নাম রাশেদুল ইসলাম বাবুল (৮)। সে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার রিদুয়ানুল হকের পুত্র। এবং পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

রবিবার রাতে বাড়ির ভেতর মলত্যাগ করায় ক্ষুদ্ধ হয়ে উঠে ফুফা। একপর্যায়ে সোমবার সন্ধ্যার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পথে পটিয়া এলাকায় মারা যায় শিশুটি।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা জানান, ইউনিয়নের দরবেশকাটা গ্রামে থাকা ফুফু বুলবুল আক্তারের বাড়িতে থেকে পড়ালেখা করে আসছিল শিশু রাশেদ। গত রবিবার রাতে বাড়ির ভেতর মলত্যাগ করে সে। এতে ক্ষুদ্ধ হয়ে উঠে ফুফা রিদুয়ান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় শিশু রাশেদুল ইসলাম বাবুলকে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম জানান, লাশটি উদ্ধার করে গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে মামলা নেওয়া হবে।

ইত্তেফাক/এএন