এফবিসিসিআই নির্বাচনে সরাসরি ভোট ব্যবস্থা চালুর দাবি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভোট ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। 
 
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ব্যবসায়ী নেতারা এক সভায় এ দাবি তোলেন। এ সময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতাদের অনেকেই উপস্থিত ছিলেন।
 
ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনটির নির্বাচন ব্যবস্থা সংস্কারের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও তা বাস্তবায়ন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বার বার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তা কার্যকর করতে না পারায় বর্তমান ও সাবেক নেতাদের দায়ী করেন তারা। 
 
ব্যবসায়ী নেতারা বলেন, বিনা ভোটে ‘নাযিল’ হওয়া নেতৃত্ব ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কথা বলতে পারেন না। তারা শুধু নিজের আখের গোছানোর কাজেই ব্যস্ত থাকেন। ফলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হওয়া সত্ত্বেও দিনে দিনে এফবিসিসিআই তার গুরুত্ব হারিয়েছে। তৃণমূল থেকে নেতা নির্বাচিত না হওয়ায় ভ্যাটের (মূল্য সংযোজন কর) মত গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আজো হয়নি। 
 
আলোচনাকালে ব্যবসায়ী নেতারা বর্তমান সভাপতি আব্দুল মাতলুব আহমাদের কড়া সমালোচনা করেন। তারা বলেন, সম্প্রতি ভারত বাংলাদেশি পাটপণ্যে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। এ বিষয়ে মাতলুব আহমাদ বলেন, দেশীয় ব্যবসায়ীদের স্বার্থে উদ্যোগ নেয়া প্রয়োজন ছিল। কিন্তু এফবিসিসিআই একটি বিবৃতিও দেয়নি। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার ব্যবস্থা করবেন এবং সরাসরি ভোটের পদ্ধতি চালু করে যাবেন। কিন্তু মেয়াদ শেষ হয়ে আসলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেনি। 
 
সাবেক পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ১৪ বছর ধরে বলা হচ্ছে, নির্বাচিত হলে সরাসরি ভোটের ব্যবস্থা করা হবে। কার্যত হয়নি। ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ। ফলে ফেডারেশন দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যবসায়ী নেতা এম এ আক্কাস বলেন, সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন বয়কট করব। তবে এর জবাবে ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, বয়কট করা মানে বর্তমান কমিটিকে দায়িত্বে থাকতে আরো সুযোগ করে দেয়া। তা হবে না। সংস্কার হতেই হবে এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে। 
এ সময় সংগঠনের বর্তমান সিনিয়র সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, নামসর্বস্ব ও ভুয়া ভোটারে ভরে গেছে এফবিসিসিআই। 
 
সাবেক সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন বলেন, সরাসরি নির্বাচন সবাই চায়। এফবিসিসিআইয়ে সঠিক ও কার্যকর নেতৃত্ব দরকার। সেক্ষেত্রে সাধারণ সদস্যদের মতামতের গুরুত্ব থাকা উচিত।
 
এ সময় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল কাশেম আহমেদ, মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 
 
ইত্তেফাক/এমআই