প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। গেলবারের চেয়ে এবারের বইমেলা সরাসরি সম্প্রচারে আনা হয়েছে নতুনত্ব এবং টেলিভিশনের পর্দায় উপস্থাপনেও আনা হয়েছে ভিন্নতা।
বইমেলা নিয়ে থাকবে পাঞ্জেরী, প্রাইম ব্যাংক ও পাঠক সমাবেশের সৌজন্যে ভিন্ন আয়োজন এবং বইমেলার সার্বিক নিয়ে ‘বইমেলা প্রতিদিন’ প্রিন্টি আকারে প্রতিদিন ছাপানো হবে যা বই মেলায় আগত দর্শক, লেখক, সাহিত্যিক ও দর্শনাথীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। বইমেলায় প্রতিদিন থাকবে নতুন বই পরিচিতি, লেখক, দর্শক ও দর্শনাথীদের সাক্ষাৎকার-সহ বইমেলার নানান খুটিনাটি তুলে ধরা হবে। বইমেলা উপস্থাপনা করবেন ছড়াকার লুৎফর রহমান রিটন।
এ উপলেক্ষ গতকাল ২৪ জানুয়ারি দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বইমেলা সরাসরি সম্প্রচার প্রসঙ্গে নানানদিক তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বইমেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং বইমেলার সাথে আই এফ আই সি ব্যাংকের সম্পৃক্ততা ব্যাখ্যা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন্স লি. এর পরিচালক কামরুল হাসান শায়খ, বইমেলার উপস্থাপক লুৎফর রহমান রিটন ও আহমাদ মাযহার, আনন্দ আলো এবং ‘বইমেলা প্রতিদিন’ সম্পাদক রেজানুর রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম।
মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৩০ থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সম্প্রচারিত হবে।
ইত্তেফাক/এমএআর