কোহলির প্রশংসায় পাকিস্তানি সাবেকরা

বর্তমানে বিরাট কোহলি যে ফর্মের মধ্যে দিয়ে ছুটছেন, সেটাকে স্বপ্ন বললেও বোধহয় কম বলা হবে। কারণ, অনেকেই এমন স্বপ্ন দেখার সাধ্য দেখাতে পারেন না। রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে সত্যি বিরাটের জুড়ি মেলা ভার। ভারতীয় ক্রিকেটে টেস্ট দলের অধিনায়ক তিনি আগেও ছিলেন। এবার তার হাতে একদিন এবং টি২০ দলের দায়িত্ব পেয়েছেন।
 
তিন ফরম্যাটের দায়িত্ব নিয়ে নিজেকে প্রমাণও করেছেন এই তরুণ তুর্কি। তারই সুবাদে পাকিস্তানের তিন সাবেক ক্রিকেটার কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন।
 
সোমবার এক আলোচনা সভায় পাকিস্তানের সাবেক বোলার ইমরান খান কোহলি সম্পর্কে বলেন, 'ছেলেটা কী ক্রিকেটটাই না খেলে। এই তো সেদিন ৩৫০ রান তাড়া করে দলের জয় নিশ্চিত করল। রান তাড়া করেই সে ১৭টি সেঞ্চুরি করেছে। আর প্রত্যেকটি ম্যাচে ভারত জয়লাভ করেছে।'
 
ইমরান খানকে কার্যত থামিয়ে দিয়ে পাকিস্তানের সাবেক স্পিন বোলার সাকলাইন মুস্তাক বলেন, 'তার ফিটনেসটার কথা একবার ভাবুন। আমি একবার তার সঙ্গে জিমে দেখা করতে গিয়েছিলাম। সেখানে দেখলাম সে শুধু ভুট্টা খাচ্ছে। বিগত পাঁচ বছর ধরে তো সে ভাত-রুটি খায় না। তার সঙ্গে চলছে কঠোর অনুশীলন। তার মধ্যে যে শক্তি রয়েছে, তা খুব কম লোকজনের মধ্যে আমি দেখেছি।'
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারও। তিনি বলেন, 'ধরুন, বিরাট কোহলি একজন ব্যতিক্রমী ক্রিকেটার! আমি মেনে নিলাম সেকথা। কিন্তু ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের একবার দেখুন। লোকেশ রাহুল, কেদার যাদব সকলেই অসাধারণ ক্রিকেট খেলছে। তাদের জন্য রোহিত শর্মাকে চার নম্বরে নামতে হচ্ছে।'
 
ইত্তেফাক/এএম