স্মিথরা করলে স্লেজিং করবেন পুজারা'রাও

এখনো প্রায় মাস খানেক সময় বাকি। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের লড়াই। তবে এর আগেই মাঠের বাইরের লড়াইয়ে নেমে পড়েছে অজিরা।
 
বরাবরের মতো অজি অধিনায়ক স্টিভ স্মিথ থেকে ডেভিড ওয়ার্নাররা শুরু করে দিয়েছেন মানসিক সংঘাতের লড়াই। যেখান নতুন করে সুর চড়িয়েছেন গ্লেন ম্যাকগ্রা থেকে শেন ওয়ার্নের মতো সাবেকরাও।
 
অধিনায়ক বিরাট কোহলি কোনো মন্তব্য করতে চাননি। ভারতীয় দলের হয়ে জবাবটা এর আগে কেউ দেয়নি। এবার অস্ট্রেলিয়াকে জবাব দিয়েই দিলেন চেতেশ্বর পুজারা। এক সাক্ষাৎকারে জানালেন, স্লেজিং করলে পাল্টা পরিকল্পনাও তৈরি আছে। স্মিথদের সেটা বুঝিয়ে দেবেন তারা।
 
ভারতের ঘরের মাঠে আয়োজিত ৮টি টেস্টে মোট ৭৭৪ রান করেছে পুজারা। এবার অস্ট্রেলিয়া সিরিজেও টিমের মিডল অর্ডারের ভরসা তিনি। গতকালও অবশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। রনজি চ্যাম্পিয়ন গুজরাটকে হারিয়ে ইরানি ট্রফি জিতে নেন পুজারা। ঋদ্ধিমান সাহা ডাবল সেঞ্চুরি করেন। ঋদ্ধির সঙ্গে ম্যাচ জিতিয়ে ক্রিজ ছাড়েন পুজারাও। তার ব্যাট থেকে আসে ১১৬ রানের ইনিংস।
 
স্লেজিং বিষয়টিকে এত গুরুত্ব দিতে চাইছেন না পুজারা। সেই সাক্ষাৎকারে পুজারা বলেন, 'এখন অস্ট্রেলিয়া একমাত্র টিম নয়, যারা স্লেজ করে। ভারতের মাটিতে ওরা বেশি সমস্যায় থাকবে। গতবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওদের স্লেজিং আটকানোর জন্য আমরা পরিকল্পনা করেছিলাম। এখানেও তাই হবে। গতবার ভারত সফরে ওদের কী পরিণতি হয়েছিল, মনে করুন।'
 
চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এসে সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা জানান, শুধু শুধু অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে স্লেজিংয়ের অভিযোগ ওঠে। কিন্তু স্লেজিং করেন সবাই।
 
ম্যাকগ্রা'র অভিযোগ, শচীন টেন্ডুলকারও তাকে স্লেজিং করেছিলেন।
 
ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এভাবেই সিরিজের চাপ বাড়াতে শুরু করেছে অস্ট্রেলিয়া।
 
স্লেজিং নিয়ে কথা বলতে গিয়ে পুজারা বলেন, 'স্লেজিংয়ের সব বিষয় টিম মিটিংয়ে আলোচনা হবে। সবকিছুই জয়ের জন্য করতে হয়। স্লেজিং তো খেলার অংশ। আজ আমরা টেস্টে এক নম্বর টিম। সেটাকে ধরে রাখা অনেক বড় ব্যাপার। টিমের প্রত্যেকেই গত বছরের ফর্ম ধরে রাখতে চেষ্টা করছি।'
 
 
ইত্তেফাক/এএম