বাড়ি থেকে ডেকে নিয়ে আল আমিন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, কাউরিয়া পাড়ার ইমান আলীর পুত্র আল-আমিন পেশাগতভাবে একজন চিহ্নিত সন্ত্রাসী বলে অভিযোগ রয়েছে। গত রাত সোয়া ১০টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী নির্জন স্থানে কুপিয়ে আহত করে চলে যায়।
খবর পেয়ে আল-আমিনের স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকাল ১১ টায় তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে নরসিংদী থানা পুলিশ। নিহত আল-আমিন নরসিংদী পৌর কমিশনার আলমাছ মিয়ার ভাগ্নে বলে জানা গেছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ পর্যন্ত পুলিশ সন্দেহভাজন কাউকে গ্রেফতার করতে পারেনি।
ইত্তেফাক/এসএস