নাটোরের সিংড়া উপজেলার ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচারণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তারা এ অপসারণ দাবি করছে। বুধবার সকালে উপজেলার ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা ফটিক, স্থানীয় মুক্তিযোদ্ধা মারফত আলী, আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য সোহরাব আলী, সমাজ সেবক আলতাব আলী, বারিক হোসেন, শিক্ষক আবু বক্কর ছিদ্দিকসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।
বক্তারা জানান, ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শাহীন নামে একজনকে চাকুরী দেবার কথা বলে তার কাছ থেকে ৭লাখ টাকাসহ বিদ্যালয়ের তহবিল থেকে কয়েক লাখ আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচরনের অভিযোগ আছে। এছাড়া প্রায় দিনই তিনি প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এ কারনে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।
বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে তাকে বিদ্যালয় থেকে অপসারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
তাকে অপসারসণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
ইত্তেফাক/এএন