বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়।
 
বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী মাসুুদ আহমদ তালুুকদার বলেন, খালেদা জিয়া আইন ও আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ম্যাডাম আদালতে যাবেন।’
 
পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দু’টির বিচারকাজ চলছে।
 
মামলা দু’টির মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য রয়েছে। আর অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের পক্ষে আত্মপক্ষ শুনানির দিন ধার্য রয়েছে।
 
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
 
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
 
২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
 
ইত্তেফাক/এএন