ঘিওরে এক রাতে চার বাড়িতে ডাকাতি, আহত ২

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় গৃহকর্তা ও তার স্ত্রী মারাত্মক আহত হয়েছে।
 
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল মুখোশধারী ডাকাত বালিয়াখোড়া ইউনিয়নের পেঁচারকান্দা গ্রামের মো. বাবু মিয়া ও কবির মাস্টারের বাড়ির সদস্যদের হাত পা বেঁধে পাঁচ ভরি স্বর্ণালংকার ও প্রায় লক্ষাধিক টাকা লুটে নেয়। এ সময় কবির মাস্টার ডাক চিৎকার দিলে তাকে ও তার স্ত্রী রোকেয়া কবিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাদল।
 
অপরদিকে ভোর রাতে উপজেলার সিংজুরী ইউনিয়নের আশাপুর গ্রামে আজিম মোল্লার বাড়িতে ডাকাতদল হানা দিয়ে তিন ভরি স্বর্ণালংকার ও অন্যান্য ব্যবহার্য্য জিনিসপত্র নিয়ে যায়। এরপর প্রতিবেশী জয়নুদ্দীনের বাড়িতেও ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা ও গয়না লুটে নেয়।
 
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, সংশ্লিষ্ট ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ