বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠন রাষ্ট্রপতির জন্য অগ্নিপরীক্ষা। এবার প্রমাণিত হবে যে, রাষ্ট্রপতির কাছে দেশ বড় নাকি আওয়ামী লীগ বড়?
তিনি বলেন, আমরা আপনার প্রতি আস্থা রাখি, আপনি নিরপেক্ষ সার্চ কমিটি দেবেন। বিএনপি যেন সার্চ কমিটিকে সমর্থন করতে পারে, বিএনপিকে যে সার্চ কমিটি প্রত্যাখ্যান করতে না হয় তেমন সার্চ কমিটিই গঠন হবে বলে আমরা আপনার প্রতি আস্থা রাখি। কিন্তু যদি তার উল্টো হয় তাহলে আমাদের কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এর জন্য দেশের যে কোনো পরিস্থিতির জন্য সব দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৃতীয় তলা মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা দিবসকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ নামের একটি সংগঠন।
রিজভী বলেন, আমি কিছুক্ষণ আগেই জেনেছি রাষ্ট্রপতি ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির তালিকা পাঠিয়েছেন। কিন্তু ওই ৬ জন কে কে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে যদি ওই সার্চ কমিটিতে আওয়ামী লীগের মনোভাবের প্রতিফলন ঘটে তাহলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে। তিনি আরো বলেন, দেশে মিথ্যা রাজত্ব কায়েম হতে দেয়া হবে না। রাষ্ট্রপতির উচিত হবে সবার মতকে গ্রাহ্য করা। যদি তিনি তা না করে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের কথামতো সার্চ কমিটি ও ইসি গঠন করেন তা হবে রাষ্ট্রপতির জন্য বিব্রতকর। আমার প্রশ্ন তিনি কি আলোর অধ্যায়ে থাকবেন, নাকি অন্ধকারের অধ্যায়ে থাকবেন?
ইত্তেফাক/এএম।