লোকমান একজন প্রাপ্ত বয়স্ক হতদরিদ্র পুরুষের নাম। তার উচ্চতা অনধিক তিন ফুট মাত্র। তবে তিনি দুই সন্তানের জনক। শারিরীকভাবে কর্মক্ষম লোকমান। খর্বকায় হওয়ায় ভারি কোনো কাজ তিনি করতে পারেন না। দীর্ঘদিন ধরে বেকারত্বের ঘানি টানতে হচ্ছে তাকে।
যে কারণে মানুষের দানে চলে তার সংসার। যখন তাকে কেউ স্থায়ী কোনো সমাধান দিচ্ছে না। ঠিক সে সময় তার পাশে দাঁড়ালেন পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম শেখ। তিনি বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। বুধবার ইন্দুরকানিতে গিয়ে জেলা প্রশাসক তার নিজস্ব তহবিল থেকে লোকমানকে একটি চায়ের দোকানের ব্যবস্থা করে দিয়েছেন।
চায়ের দোকানের বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয় লোকমানকে। এমনকি তার স্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে একটি ভিজিডি কার্ড। যার মাধ্যমে তার পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।
ইন্দুরকানি বাজারে লোকমানের জরাজীর্ণ বসত ঘরে জেলা প্রশাসক উপস্থিত হয়ে লোকমানের হাতে উপকরণগুলো পৌঁছে দেন। লোকমানের বসত ঘরটি বসবাসের অনুপযোগী হওয়ায় উপজেলা ইউএনওকে সুষ্ঠু বসবাসের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন প্রতিবন্ধী বান্ধব জেলা প্রশাসক।
এ সময় ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা, ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন শেখ ও পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ