কক্সবাজারের মহেশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫ বাড়ি ও চারটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট বাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। বুধবার স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেও ব্যর্থ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে দুপুরে ক্ষতিগ্রস্তদের নগদ টাকা, শীতবস্ত্র ও ঢেউটিন বিতরণ করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, দক্ষিণ রাজঘাট এলাকার কালুমিয়ার ছেলে আনছারের বাড়ির রান্নাঘরের চুলার পাশে থাকা গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহীন শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ১৫ বাড়িঘর ও চারটি দোকান ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিস আসলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এসব বাড়ি ও দোকান পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি